
ঝালকাঠি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট সওদাগারবাড়ী নূরানী হাফিজি মাদ্রাসার উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার হদুয়া দরবার শরীফের তৃতীয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
মোয়াজ্জেম হোসেন সওদাগরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক সিকদার, মোল্লারহাট জেড এ ডিগ্রি ভুট্টা কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, মোল্লারহাট সওদাগারবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান, মাদ্রাসার দাতা সদস্য হুমায়ুন সওদাগর এবং মোল্লারহাট গার্লস স্কুলের সাবেক শিক্ষক আব্দুল হামিদ মাস্টার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ কারী মোঃ মাহমুদুল হাসান।
আলোচনায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে কোরআন তিলাওয়াত ও এর শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। নতুন প্রজন্মের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।