
মোছা. পারভীন আক্তার
জামালপুর প্রতিনিধি।
জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নে চলমান গ্রামীণ অবকাঠামো ও রাস্তা উন্নয়ন কাজের গুণগত মান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মেস্টা ইউনিয়নের ছোট আরংহাটি এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও নাজনীন আখতার রাস্তার নির্মাণ কাজের অগ্রগতি দেখেন এবং ব্যবহৃত উপকরণের গুণগত মান পরীক্ষা করেন। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারকি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার সহ্য করা হবে না। সরকারি বরাদ্দের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুবিধা পায়।”
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই গ্রামীণ এই রাস্তাগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। ছোট আরংহাটি এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে কৃষি পণ্য পরিবহন এবং যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।