
পটুয়াখালীতে বিএনএসবি চক্ষু হাসপাতালে ১০টি হুইলচেয়ার অনুদান: দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে প্রবাসী
অপূর্ব সরকার,নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় রোগীদের সহায়তায় ১০টি হুইলচেয়ার অনুদান প্রদান করা হয়েছে। প্রবাসী এক বাংলাদেশির মানবিক উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে দৃষ্টিপ্রতিবন্ধী ও চলাচলে অক্ষম রোগীদের সুবিধার্থে আমেরিকা প্রবাসী মাহবুবের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দাতা মাহবুবুল হকের পক্ষে তার ভাগ্নে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি আনুষ্ঠানিকভাবে ১০টি হুইলচেয়ার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ; এতে শুধু রোগীদের কষ্ট লাঘবই হয় না, বরং মানবিক মূল্যবোধও জোরদার হয়। অনুষ্ঠানের সভাপতি এবং অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোশতাক আহম্মেদ পিনু বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং প্রবাসী মাহবুবের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম লিটন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ জিয়াউল হক ফারুক, চিফ সার্জন ডাঃ খালেক মতিন এবং কনসালটেন্ট ডাঃ মোঃ হাফিজুর রহমানসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, এ ধরনের সহায়তা দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে হাসপাতালের রোগীদের ব্যবহারের জন্য হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়। অন্ধ কল্যাণ সমিতি পটুয়াখালী ও বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের জন্য প্রবাসী মাহবুবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।